বাউড়িয়ায় ভাঙা জেটি মেরামত সম্পূর্ণ, খুশি নিত্যযাত্রীরা
দি নিউজ লায়ন ; প্রায় দীর্ঘ ছ'মাস পর বাউড়িয়ার ভাঙ্গা জেটি মেরামত সম্পূর্ণ হওয়ায় সোমবার সকাল থেকে জেটি নিত্যযাত্রীদের জন্য খুলে দেওয়া হল। এদিন সকাল থেকেই পুনরায় বাউড়িয়া বজবজ নদী পথে লঞ্চ পরিষেবা শুরু হল। দীর্ঘদিন পর লঞ্চ পরিষেবা চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে খবর গত ৭ এপ্রিল বানের তোড়ে বাউড়িয়া লঞ্চঘাটের জেটি ভেঙে যায়। লঞ্চ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ে কয়েক হাজার নিত্যযাত্রী। জেটি ভেঙে যাওয়ার পর লক ডাউন চলায় সেভাবে সমস্যা না হলেও পরবর্তী সময়ে অফিস কল কারখানা খুলে যাওয়ায় সমস্যায় পড়ে নদীর দুই পাড়ে থাকা অসংখ্য শ্রমিক ও সাধারণ মানুষ।
নিত্যযাত্রীদের অভিযোগ জেটি ভেঙে যাওয়ার পর লঞ্চ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় প্রাণ হাতে করে নৌকায় নদী পারাপার করতে হচ্ছিল। যদিও অবশেষে জেটিমেরামত সম্পূর্ণ হওয়ায় লঞ্চ পরিষেবা চালু হওয়ায় দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাওয়া গেল।
অন্যদিকে লঞ্চ পরিষেবা চালু প্রসঙ্গে হুগলি নদীর জলপ্রপাত পরিবহন লিগম লিমিটেডের বাউড়িয়া জেটির সুপারভাইজার টি আপ্পারাও জানান, লকডাউনের জন্য শ্রমিকরা দেশে চলে যাওয়ায় জেটি মেরামত করতে দেরি হচ্ছিল। তবে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে জেটি মেরামত করে লঞ্চ পরিষেবা পুনরায় চালু করে দেওয়া হল। তিনি জানান আপাতত সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর লঞ্চ পরিষেবা চালু থাকবে।

Post a Comment